পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ইজারা বহির্ভূত একাধিক পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্থানীয় প্রভাবশালী একটি চক্র বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পশুর হাট পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বৈধ ইজারাদারদের মধ্যে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গত বছর ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১২টি পশুর হাট বসেছিল। এর মধ্যে ৩টি ছিল স্থায়ী এবং পৌরসভার ১টিসহ ৯টি ছিল অস্থায়ী হাট। তবে চলতি বছর গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজার এই দুটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি ছাতক পৌরসভা, ইসলামপুর ইউনিয়নের ইসলামবাজার এবং নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারসহ মোট ৫টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা জানান, অজ্ঞাত কারণে উপজেলার আরও কয়েকটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়নি। এরপরও বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন ভাবে পশুর হাট বসানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, রোববার (২৪ মে) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ নতুন বাজারে ইজারা বহির্ভূত পশুর হাট বসে। এছাড়া সোমবার (২৫ মে) দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারেও অনুমোদন ছাড়া পশুর হাট পরিচালনা করা হয়। স্থানীয়রা জানান, এসব হাটকে কেন্দ্র করে আগের দিন মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছে। তবে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, নিয়মতান্ত্রিকভাবে এসব পশুর হাট ইজারা দেওয়া হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেত। কিন্তু অনুমোদনবিহীনভাবে হাট পরিচালনার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে বৈধ ইজারাদাররা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে অবৈধভাবে লাভবান হচ্ছেন হাট পরিচালনার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট চক্র।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, উপজেলায় স্থায়ী পশুর হাট রয়েছে গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজারে। এছাড়া অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছে ছাতক পৌরসভা, ইসলামবাজার ও চৌমুহনী বাজারে। অনুমোদনের বাইরে কোথাও পশুর হাট পরিচালনার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ইতোমধ্যে গত (২৩ মে) শনিবার কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজার, ভাতগাঁও ইউনিয়নের সোনালী বাংলা বাজার এবং দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অবৈধভাবে কোথাও পশুর হাট বসানো হলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

