আসন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস।সব মিলিয়ে সুনামগঞ্জে থাকছে ১ হাজার ৭৩৯টি ভোটকেন্দ্র।
এর মধ্যে ১২ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৫৬টি, ৮৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯১৩টি এবং চার পৌরসভায় ৭০টি ভোটকেন্দ্র।
উপজেলা পরিষদ নির্বাচনে-ছাতকে ১০৯টি, জগন্নাথপুরে ১০১টি, সুনামগঞ্জ সদরে ৮০টি, দিরাইয়ে ৭৮টি, দোয়ারাবাজারে ৬১টি, জামালগঞ্জে ৫৯টি, শান্তিগঞ্জে ৫৮টি, তাহিরপুরে ৫৩টি, ধর্মপাশায় ৪৪টি, শাল্লায় ৪৩টি, বিশ্বম্ভরপুরে ৩৮টি এবং মধ্যনগরে ৩২টি ভোটকেন্দ্র।অর্থাৎ, সর্বোচ্চ কেন্দ্র ছাতকে, আর সর্বনিম্ন মধ্যনগরে।
এই ৭৫৬টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৪ হাজার ৫৩৬টি। এর মধ্যে স্থায়ী ৪ হাজার ৪৬টি এবং অস্থায়ী ৪৯০টি।
অন্যদিকে ৮৮ ইউনিয়নে ৯১৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৪ হাজার ৩৮৯টি। এসব ইউনিয়নে মোট ভোটার ১৯ লাখ ৮৩ হাজার ৩৫৭ জন।
চার পৌরসভায় ৭০টি কেন্দ্রে ভোটকক্ষ ৩০৭টি। মোট ভোটার ১ লাখ ৪৮ হাজার ৪৬০ জন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানিয়েছেন, দাবি-আপত্তি নিষ্পত্তির পর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক প্রস্তুতিমূলক কাজও শেষ পর্যায়ে।
তিনি বলেন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।সব মিলিয়ে, সুনামগঞ্জে ভোটের মাঠ এখন প্রস্তুত।অপেক্ষা শুধু ভোটের দিনের।

