জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির সিলেট বিভাগীয় দায়িত্ব পেয়েছেন ইমনদোজ্জা আহমেদ। সংগঠনটির কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় যুব শক্তির সমন্বয় সভায় ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আগের আহ্বায়ক তারিকুল ইসলাম-কে সভাপতি, প্রকৌশলী ফরহাদ সোহেল-কে সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।এর পরপরই সন্ধ্যায় জাতীয় যুবশক্তি তার ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সে কমিটিতে ইমনদোজ্জা আহমেদকে সিলেটের দায়িত্বভার দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন এই কমিটির মাধ্যমে যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
নবনিযুক্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ইমনদোজ্জা আহমেদ বলেন, “দল ও সংগঠনের প্রতি অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। সিলেট বিভাগের তরুণদের সংগঠিত করে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট বিভাগে জাতীয় যুব শক্তির কার্যক্রমে গতি আসবে এবং রাজনৈতিক অঙ্গনে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

