logo
ads

দিরাইয়ে হাসপাতালের জরুরি বিভাগে আহত রোগীর উপর হামলা ও ভাঙচুর

দিরাই প্রতিনিধি

প্রকাশকাল: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পি.এম
দিরাইয়ে হাসপাতালের জরুরি বিভাগে  আহত রোগীর উপর হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহদের উপর প্রতিপক্ষ ফের হামলা ও মারামারি ঘটনার ঘটেছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর ও জরুরি চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। আজ শুক্রবার  সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সাকিতপুর গ্রামে বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের মারামারির পর পরবর্তীতে হাসপাতালের জরুরি বিভাগেও ফের মারামারি ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কোন পক্ষই অভিযোগ করেনি, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার সাকিতপুর গ্রামের মুক্তার চৌধুরীর বাঁশ কাটতে যান জীবু চৌধুরী নামে এক যুবক। এতে বাধা দেন একই গ্রামের জাহাঙ্গীর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে জীবু চৌধুরী গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ​

অভিযোগ উঠেছে, খবর পেয়ে দিরাই সদরে থাকা জাহাঙ্গীরের ভাই আনহার সরদার লোকদের সঙ্গে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। তাঁরা জরুরি বিভাগের ভেতরে চিকিৎসাধীন জীবু চৌধুরীর ওপর ফের হামলা চালান। এসময় হাসপাতালের জরুরি বিভাগে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করা হয়। ​

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, হামলায় জরুরি বিভাগের একটি ইসিজি (ECG) মেশিন, পানির কল, ওজন পরিমাপক যন্ত্র এবং চিকিৎসা সহায়তার জন্য ব্যবহৃত একাধিক বিছানা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ​

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার বলেন, সাকিতপুর গ্রামের মারামারির ঘটনায় আহত এক রোগী জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলার সময় হাসপাতালের ইসিজি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটুকু ক্ষতিগ্রস্ত তা আগামীকাল জানা যাবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ