হাওররক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সদস্য সচিব আহমদ উসমান।
বক্তব্য রাখেন দেখার হাওরের কৃষক আসাব আলী, গৌছ উদ্দিন, আসলম উদ্দিন, জয়নাল আবেদীন, আজির উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রেদুয়ান আহমেদ, উপজেলা কমিটির সদস্য ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন কমিটির সদস্য সচিব খসরু মিয়া, সমাজকর্মী কিবরিয়া, আজাদ আহমদ, মনসুর উদ্দিন, আজির উদ্দিন, রুহুল মিয়া, আতিকুর রহমান রাহিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বৃষ্টির পানিতে দেখার হাওরে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, ভরাট হওয়া খাল ও নদী খনন দ্রুত শুরু করতে হবে।
বক্তারা আরও বলেন, হাওররক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন ও কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিল। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন ব্যবস্থা হয়নি। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।

