logo
ads

তাহিরপুরে ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন

শওকত হাসান, তাহিরপুর 

প্রকাশকাল: ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পি.এম
তাহিরপুরে ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন

ছবি:এফ টিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একসঙ্গে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি) আয়োজনে উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এই জন্মদিন পালন  করা হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট ও উত্তর বড়দল এই চারটি ইউনিয়নের তালিকাভুক্ত প্রায় ৪৬০০ শিশু এবং তালিকাভুক্ত নয় এমন আরও প্রায় ৪০০ শিশুকে নিয়ে গান, কেক কাটার মাধ্যমে তাদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ঝলক। তবে অনুষ্ঠান শেষে প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় একটি করে স্কুল ব্যাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল, সাংবাদিক রুকন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর (এপি)  ম্যানেজার সজল গমেজ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই প্রতিটি শিশু নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুক এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শিখুক। এ ধরনের আয়োজন তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ