রাতে গ্রামের পাশের বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন স্বামী। তখন বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করে গ্রামেরই দুই যুবক।
এমন ঘটনা ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে। গত ১০ এপ্রিল শুক্রবার গভীর রাতে লালপুর গুচ্ছগ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২)।
অভিযোগ পেয়ে পুলিশ ১২ এপ্রিল রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামের গৃহবধূর স্বামী পাশের বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। এ সময় একই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী, মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া ও সাদেক মিয়ার আলিম উদ্দিন গৃহবধূর স্বামীকে খোঁজে তার ঘরে প্রবেশ করে। গৃহবধূ তার স্বামী বাড়িতে নাই বলে জানাান। এসময় একা থাকার সুযোগে জোরপূর্বক তাকে ধর্ষণ করে মকছদ আলী ও ইয়াছিন মিয়া। আলিম উদ্দিন ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারাদারের ভূমিকা পালন করে।
ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরদিন গৃহবধূর স্বামী অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

