সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হয়েছে। প্রয়াত ওই নেতার নাম আবুল খয়ের ইসরাইল, তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। চলতি বছরের ২৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর তিন মাস পরও গেল ৩১ জুলাই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানা গেছে। এই মামলায় সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে জগন্নাথপুর থানা পুলিশ। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর পুলিশ তাকে একবার গ্রেপ্তার করেছিল।
মামলা ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ নভেম্বর মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর মীরপুর বাজারের বিএনপির কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মী ও আরও অজ্ঞাতমা আসামি করা হয়। তবে ওই মামলায় আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়ের ইসরাইল নামাঙ্খিত আসামি ছিলেন না। কিন্তু মামলার চার্জশিটে আবুল খয়ের ইসরাইলকে চার্জশিটভুক্ত ৫৬ নম্বর আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনিক পাল চলতি বছরের ৩১ জুলাই আদালতে আলোচিত এই মামলার চার্জশিট দাখিল করেন। আবুল খয়ের ইসরাইল চলতি বছরের ২৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করলেও চার্জশিটে প্রয়াত আবুল খয়ের ইসরাইলের নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে ১৪৩, ৪৪৮, ৪২৭ ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন- ১৭ নভেম্বর রাতে মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (৭৫) এর হুকুম ও প্ররোচনা ছিল। তদন্তে এম এ মান্নানের সবুজ সংকেত ও প্ররোচণাতেই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা ভাংচুর লুটপাট চালায় বলে উল্লেখ করা হয়। চার্জশিটভুক্ত ৭৯ জন আসামির মধ্যে এক নম্বর এজাহারনামীয় আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ২৫ জন আসামি আদালত থেকে জামিন লাভ করেছেন, অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই অনিক পাল জানান, মামলার বাদীর এজাহার ও স্বাক্ষী প্রমানের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মৃত ব্যক্তির নামে অভিযোগপত্রের বিষয়টি জানা নেই। মৃত্যুসনদ পেলে আমরা আদালতকে অবহিত করব।

