কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের একাশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। উভয় সংগঠনের মিছিল যখন কলেজের প্রধান ফটটের সামনে আসে তখন নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে ছাত্র শিবিরের কয়েকজন কর্মী কলেজের বাইরের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা করে।’
তবে পাল্টা অভিযোগ করে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ আহমদ বলেন, প্রতি বছরের ন্যায় ছাত্রশিবির নবীণবরণকে ঘিরে শিক্ষাবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিল। শিক্ষার্থীদের নানা উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার সময় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনকভাবে আক্রমন করে। ’
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম বলেন, গতকাল বৃহস্পতিবার কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুনেছি কলেজের গেটের বাইরে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।’
ছাতক থানার এস আই ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচলও স্বাভাবিক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ’

