'দখল-দূষণমুক্ত, প্রবাহমান ও জীবন্ত নদী চাই'এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন করেছে।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যাণ্ডে সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, কানিজ ফাতেমা, সহ সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, বাঁধ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোশফিকুর রহমান স্বপন, সদস্য কর্ণ বাবু দাশ, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবেশবাদী, শিক্ষক, সাংবাদিক এবং নদীপারের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রাণ হলো নদী ও হাওরগুলো। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন, দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে আজ সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, চলতি, চিলাই, খাসিয়ামারা, মুগাই, রক্তি, মহাসিং, নলজুরি, ধোপাজানসহ জেলার ছোট-বড় নদী ও হাওরগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, নদী বাঁচানো কেবল পরিবেশবাদীদের দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীগুলোকে সজীব ও বহমান রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

