logo
ads

দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামে উত্তেজনা, বাজারে ভাঙচুর ও গুলিবর্ষণ

তামিম রায়হান

প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পি.এম
দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামে উত্তেজনা, বাজারে ভাঙচুর ও গুলিবর্ষণ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনার জেরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলঞ্জ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে তারাপাশা ও টংঘর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে ওই ঘটনার জের ধরে রোববার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিলনগঞ্জ বাজারে মহড়া দেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ সময় তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে। পরে সেখানে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলেও স্থানীয়রা দাবি করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ফোকাস টিভি কে বলেন, স্কুলের বাচ্চাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে তারাপাশা ও টংঘর গ্রামের মধ্যে উত্তেজনা ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন এয়ারগানের গুলি ছোড়ার কথা শুনেছি তবে নিশ্চিত করতে পারছি না।এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ