সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে বাজারে মাতলামি ও উশৃংখল পরিবেশ তৈরীর অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী ।
৩১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর পূর্ব বাজার এনাম মার্কেটের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপন অবস্থায় ওই দুই কৃষক দল নেতা তাহিরপুর বাজারে মাতলামি ও সাধারণ মানুষের সাথে অশুভ আচরণ করছিলেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রতিদিন মাদ, গাজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচলে বিঘ্ন হয়। তাদের আচরণে তাহিরপুর বাজারসহ আশপাশ এলাকার মানুষ অতীষ্ট।
দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, মাদক সেবন করে মাতলামি করা অবস্থায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

