জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের যমুনা ওয়েল বার্জ ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন থেকে জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের বার্জ ডিপোতে ১.৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন থেকে জানিয়েছে, যমুনা ওয়েল ডিপোর নিরাপত্তা নিশ্চিতে সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানীর বার্জ ডিপোতে ২৮ বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তা, নজরদারি ও অবৈধ মজুদ প্রতিরোধে কাজ করছেন। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।
এছাড়াও জেলার সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করে তাল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের ৩টি শুল্ক স্টেশন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক/ডাম্পারগুলো আনলোড করে ভারতে ফিরে যাওয়ার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,‘ সুনামগঞ্জের সুরমা নদীর যমুনা ওয়েল বার্জ ডিপো থেকে হাওরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এই এলাকার জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধের লক্ষ্যে যমুনা ওয়েল বার্জ ডিপোতে ১.৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করে তাল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৩টি শুল্ক স্টেশন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।’

