logo
ads

দেখার হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ০৫:০০ পি.এম
দেখার হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন

ছবি:এফ টিভি

সুনামগঞ্জের দেখার হাওরের বোরো জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন হাওরপাড়ের ১৮টি গ্রামের কৃষকরা। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের কাছে দেখার হাওরের উত্তরপাড়ে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন,‘ দেখার হাওরের উথারিয়া-পাথারিয়া এলাকায় অপরিকল্পিতভাবে একটি উঁচু করে বাঁধ দেওয়ার কারণে বৃষ্টির পানি জমে হাওরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ১৮টি গ্রামের কৃষকদের শত শত হেক্টর জমির কাঁচা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। একমাত্র বোরো ফসল ধান রক্ষা করতে না পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। গরু-ছাগল বিক্রি করে দিতে হবে। ’
বক্তারা অভিযোগ করে আরও বলেন, ‘উপজেলা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও এমপিকে জানিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। কৃষকদের সমস্যা সমাধানে একটি স্লুইস গেট নির্মাণে কেউ এগিয়ে আসছে না। ’ দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, দরিয়াবাজের গ্রামের কৃষক হাজী আব্দুল কাদির, সফর আলী, মুক্তার আলী, নুর আহমদ, মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি সদস্য রেদুয়ান আলী রায়হান, জগজীবনপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম, কলাউড়া গ্রামের কৃষক মুহিবুর রহমান, আলী হায়দার, শাহাব উদ্দিন, ইছাঘরি গ্রামের কৃষক নুরুল আমিন, মুজাহিদুল ইসলাম, আব্দুলাহপুর গ্রামের কৃষক আলাউর রহমান, জুয়েল আহমদ প্রমুখ।
এবিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন,‘ পরিস্থিতি বিবেচনায় এখন হাওরের বাঁধ কেটে পানি নিস্কাশনের সুযোগ নেই। উথারিয়া-পাথরিয়া বাঁধের নিচে তিনটি পাইপ দিয়ে দেখার হাওরের পানি নিস্কাশিত হচ্ছে তবে পানি প্রবাহ কম, কারণ মহাসিং নদীতেও পানি রয়েছে। এখানে একটি স্লুইস গেট করলে কৃষকদের জন্য ভাল হতো কিন্তু জমি জটিলতায় সেটি করা যাচ্ছে না। কৃষকরা জমির সমস্যা সমাধানে এগিয়ে আসলে এখানে একটি স্লুইস গেট করা যেতে পারে।’
কৃষকদের অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে মোবাইল ফোন রিসিভ করেননি সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। তাই তাঁর বক্তব্য জানা যায়নি।
সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেন,‘ কৃষি ও কৃষকদের সমস্যা সমাধানে বর্তমান সরকার বদ্ধ পরিকর। দেখার হাওরসহ অন্যান্য যেসব হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা হয়েছে। হাওরের বিষয়ে নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ