সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে মারপিট করার পর পুলিশে সোপর্দ করেছে জনতা।
গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেল ৩ টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর এলাকায় এই ঘটনা ঘটে। আটকৃতের নাম আনছার আলী (৬০) , তিনি নছরনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ওই শিশুটি তার পিতার বর্গা ফসলি খেতে ছাগল তাড়াতে গিয়েছিল। তখন শিশুটিকে একা পেয়ে আনছার আলী ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকার শুনে আলমগীর নামে এক ব্যক্তি দৌড়ে গিয়ে হাতে নাতে আটক করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আনছার আলীকে মারপিট করে। পরে খবর পেয়ে পুলিশ আনছার আলীকে আটক করে। এই ঘটনায় আটক আনছার আলীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছে তার পরিবার।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামস উদ্দিন বলেন,‘ স্থানীয় লোকজন ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনছার আলীকে আটক করে। পরে খবর পেয়ে অভিযুক্ত আনছার আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে শিশুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

