সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে যুবদল নেতার নেতৃত্বে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিজাম উদ্দিন রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আনছার মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
নিজাম উদ্দিনকে আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে ১৫ মার্চ রোববার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের ছেলে আব্দুল গফ্ফার বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করেন।নিজাম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,' মামলা দায়ের পর ঘটনার মূলহোতা নিজাম উদ্দিনকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।'
উল্লেখ্য, গত রবিবার (১৫ মার্চ) যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়।
এসময় তার পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বসতঘর ভাংচুর ও লুটপাটের আগে মুক্তিযোদ্ধার পরিবারের কাছে চাঁদা দাবি করেছিলেন যুবদল নেতা নিজাম উদ্দিন।

