সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুরে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের পার্সবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত রাকেশ তালুকদারের ছেলে হৃদয় তালুকদারের বসতঘর ও সকল জিনিসপত্র। জানা যায়, হৃদয় তালুকদার সিলেট শহরে লেখাপড়া করেন। বাড়িতে তার মা শিপন রানী তালুকদার একা থাকেন। গত ১৪ মার্চ শনিবার হৃদয় তালুকদারের মা সুনামগঞ্জে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ওই রাতে তাদের বসতঘরে কোন রান্না-বান্না করা হয়নি। এমনকি রাতে বৃষ্টি ছিল, গ্রামে বিদ্যুৎও ছিল না। তারপরও রাত প্রায় ২ টার দিকে হটাৎ করে তাদের বসতঘরে আগুন দেখতে পান আশপাশের লোকজন। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। এরমধ্যে বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হৃদয় তালুকদার বলেন, গভীর রাতে হটাৎ করে আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। কারণ ওই রাতে কোন রান্না করা হয়ি। বিদ্যুৎ ছিল না, বৃষ্টি ছিল। তারপরও আগুনের সূত্রপাত হল কী করে? তিনি আর বলেন, আগুনে পুড়ে একটি স্বর্ণের আংটি, প্রায় ১২ মণ ধান, প্রায় ৩০ কেজি কাঁসার থালা-বাসন, নগদ ৮৭০০ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ' শনিবার গভীর রাতে আনোয়ারপুর গ্রামের একটি বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। '

