সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না।
শনিবার (১৪মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্ট্যাটাসে তিনি বলেন, তার নাম ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে সে যেই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের মধ্যে কোনো অনুপ্রবেশকারী বা অপরাধীদের ঠাঁই নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি বা অন্যায় কাজে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মুন্না বলেন, আমরা জালিম হতে চাই না। আমরা ভালোবাসা, সম্মান ও ভদ্রতার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই এবং সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।

