সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই তার সঙ্গে থাকা এক সহযোগীর উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উপজেলা সদর সংলগ্ন আলিয়া মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহিরপুর সদরের পাশে বৌলাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে তাহিরপুর আলিয়া মাদ্রাসার চারতলা ভবনের বেইজমেন্ট ভরাটের কাজ করছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাসরুমসহ কয়েকজন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রাহয়ান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অবৈধ ড্রেজার বন্ধ করে তা ভেঙে ধ্বংস করার নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসের পরিছন্নতাকর্মী রুবেল মিয়াসহ কয়েকজন ড্রেজার মেশিন ভাঙচুর করেন। পরে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করতে জ্বালানি আনতে রুবেল মিয়া বাজারে যাওয়ার সময় তার ওপর কিছু লোকজন হামলা চালায়। তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং তাকে মারধর করে হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রুবেল কিংবা তার সঙ্গে থাকা ভূমি অফিসের কর্মচারীরা হামলাকারীদের নাম জানাতে পারেন নি। তুজাম্মিল হক নাসরুমের কাছে এই বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন- ‘আমি অসুস্থ্য সিলেটে আছি। এই বিষয়ে আমার কিছুই জানা নেই।’

