সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী ফুটবল উৎসব শুরু হয়েছে। আজ রোববার সকালে এই উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই ফুটবল উৎসবে বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উৎসব শেষ হবে আগামী মঙ্গলবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়া, শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। বিদ্যালয়ের শিক্ষক মো. ফয়জুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কেএম আজাদ মিয়া বলেন,এবার প্রথমবারের মতো সুশৃঙ্খল ও আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট হচ্ছে। তিন দিনে ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেবে। প্রতিটি শ্রেণীর দিবা ও প্রভাতী শিফটের ‘এ’ ও ‘বি’ সেকশনের চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে ‘ইন্টার ফাইনাল’ অনুষ্ঠিত হবে। এই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ১৬ জন করে খেলোয়াড়কে পদক দিয়ে সম্মানিত করা হবে। শ্রেণীভিত্তিক চূড়ান্ত লড়াই শেষে ৩য় থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সেরা খেলোয়াড়দের নিয়ে দিবা ও প্রভাতী শিফটের পৃথক দুইটি দল গঠন করা হবে। পরবর্তীতে এই দুই শিফটের খেলায় চূড়ান্ত বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে।
উদ্বোধনীতে শিক্ষার্থীদের ফুটবল উপহার দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে সতেজ রাখে।

