logo
ads

প্রধান শিক্ষককে গালাগাল ও হুমকি ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পি.এম
প্রধান শিক্ষককে গালাগাল ও হুমকি  ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছেন শহিদুল ইসলাম । ছবি: সংগৃহিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকির ঘটনায় চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারাবাজার লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক সামছুল ইসলাম। হুমকিদাতা শহিদুল ইসলাম, তার ভাই মো. রফিক আলী, চাচা মাওলানা কামরুল ইসলাম, তাদের আত্মীয় মোছা. সোহেনা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, পলিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সির মেয়াদ শেষ হওয়ায় গত ২০ জুন সাধারণ সভার মাধ্যমে উপস্থিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে সদস্য বাছাই করা হয়। এর আগে অভিযুক্ত মোছা. সোহেনা বেগম কমিটির সভাপতি পদে প্রার্থী হতে চাইলে তার স্নাতক পাসের সনদপত্র দেখানোর জন্য তিনটি সভায় বলা হলেও তিনি দেখাতে পারেননি। এই ঘটনায় তার আত্মীয় বিদ্যালয়ের ভূমিদাতার ছেলে মাওলানা কামরুল ইসলাম, তার ভাতিজা শহিদুল ইসলাম ও রফিক আলী প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হন। এরপর কামরুল ইসলাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা  লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে। সোহেনা বেগমকে সভাপতি করতে না পারার জের ধরে গতকাল বুধবার ১১ টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে শহিদুল ইসলাম প্রধান শিক্ষকে গালাগাল করে ও মারধর করতে উদ্যত হয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সামছুল ইসলামকে গালাগাল ও হুমকির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে যায় । 

পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম অভিযোগ করে বলেন, শহীদুল ইসলামের দাদা আসক আলী স্কুলের ভূমিদাতা। ভূমিদাতার পরিবার হিসেবে তারা স্কুলের কমিটিতে নিজেদের পছন্দমত সভাপতি মনোনীত করতে চায়। তাদের আত্মীয় সোহেনা বেগম নামের এক মহিলাকে সভাপতি মনোনীত করতে চাপ প্রয়োগ করেছিল। কিন্তু ওই মহিলার স্নাতক পাশের কোন প্রমাণপত্র তারা দেখাতে পারেননি। পরে সভাপতি পদে গ্রামের লাল মিয়ার নাম প্রস্তাব করা হয়। এনিয়ে তারা ক্ষুব্ধ হয়ে আমাকে গালিগালাজ ও হুমকি দেয়। এক পর্যায়ে বুধবার স্কুলের অফিস রুমে ঢুকে গালিগালাজ করে ও স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে কথা বলতে কয়েক বার ফোন করলেও মোবাইল ফোন রিসিভ করেননি প্রধান অভিযুক্ত শহীদুল ইসলাম। তাই তাদের বক্তব্য জানা যায়নি। 

দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া বলেন, বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ ও হুমকির ঘটনায় প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেছেন।  এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলামকে বিদ্যালয়ের অফিস কক্ষে গালিগালাজ করা ও হুমকি দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টির তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ