বৃষ্টির পানিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকদের সোনালী ধান। তাই সুনামগঞ্জসহ অন্যান্য হাওরের কৃষকদের বোরো ফসল (কাঁচা ধান) বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্টি জলাবদ্ধতা নিরসন করতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা চিঠিতে তিনি লিখেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হযয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমত চেষ্টা করছেন কিন্তু পারছেন না।
আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশে-পাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।
চিঠিতে তিনি অনুরোধ করে সুপারিশ করেন, প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।‘
তিনি আরও লিখেন, আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ। চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের নাম উল্লেখ করেন।
প্রসঙ্গত, আইনজীবী শিশির মনির জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী।

