১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পি.এম

সার পাচারের দায়ে দণ্ডিত ব্যক্তিকে সার ডিলার নিয়োগের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন

সার পাচারের দায়ে দণ্ডিত ব্যক্তিকে সার ডিলার নিয়োগের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির ডিলার নিয়োগের আবেদন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

গত বুধবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, রাজু আহমেদ, কাজল মিয়া, আকবর হোসেন, প্রান্ত দে, মিছবাহ ও অলক বর্মনসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পুনরায় সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি বরাদ্দের সার বিতরণে অনিয়ম এবং নতুন করে সার সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবি জানান তারা।

স্মারকলিপি সূত্রে জানা যায়, জেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে জামালগঞ্জ উপজেলার ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ডিলার পদে আবেদন করেন কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে হুজাইফা মাহমুদ ফাহাদ।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হুজাইফা মাহমুদ ফাহাদ এর আগে বিভিন্ন স্থানে অবৈধভাবে সার পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৬ সালের ২৬ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে নৌকায় বোঝাই সারসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ-সংক্রান্ত মামলার নম্বর ০৪/২০২৬।

স্মারকলিপিতে আরও বলা হয়, সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতে সরকারি সার বিতরণে অনিয়ম ও পাচারের আশঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন সাধারণ কৃষকরা। তাই সংশ্লিষ্ট ব্যক্তির অতীত কর্মকাণ্ড ও ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে তার আবেদন বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার যাতে কোনোভাবেই অনিয়ম বা পাচারের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা, স্বচ্ছতা ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই করা জরুরি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে হুজাইফা মাহমুদ ফাহাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘এর আগেও এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’