সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আমন জমিতে ধান কাটার সময় কৃষকদের হাতে ধরা পড়েছে সংকটাপন্ন প্রাণী মেছো বিড়াল। মেছো বিড়ালটি আটক হওয়ার পর স্থানীয়রা অবশ্য এটিকে মেছোবাঘ বলে প্রচার দিচ্ছেন।
গতকাল বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় কৃষকদের হাতে এটি আটকা পড়ে। বর্তমানে প্রাণীটিকে গড়কাটি গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়ার বাড়িতে একটি লোহার খাঁচায় রাখা হয়েছে।খবর পেয়ে রাতে স্থানীয় উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভীড় করছে।
গড়কাটি গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়া জানান, গতকাল (বুধবার) দুপুরে ৩০-৪০ জন একটি জমিতে আমন ধান কাটার কাজ করছিলেন। এসময় হঠাৎ করে মেছোবিড়ালটিকে দেখতে পান তারা। পরে সবার প্রচেষ্টায় প্রাণীটিকে আটক করে তার বাড়িতে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, প্রাণীটিকে আটক করে বাড়িতে নিয়ে আসার পর কিছুই খাচ্ছে না। রাতে বিস্কুট, মাছ ও মাংস প্রাণীটির সামনে রাখা হয়। এরমধ্যে সামন্য মাছ খেয়েছে। আর কোন খাবার মুখে নেয়নি।
হুমায়ুন মিয়া আরও বলেন, বনের এই প্রাণীটি আটক করে বাড়িতে নিয়ে এসে এখন বিপাকে আছি। বনবিভাগের কেউ এসে এটিকে নিয়ে গেলে ভাল হত।
তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা রুবেল আহমেদ বলেন, প্রাণীটিকে উদ্ধার করে গভীর বনে অবমুক্ত করা হবে।