১২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পি.এম

একসঙ্গে চাকরি পেলেন সুনামগঞ্জের চার বন্ধু

একসঙ্গে চাকরি পেলেন  সুনামগঞ্জের চার বন্ধু

একই কলেজে পড়ালেখার সুবাধে ঘনিষ্টতা ,অতঃপর চারজনের বন্ধুত্ব। একসঙ্গে পড়াশোনার পাশাপাশি চলছিল তাদের পরিবারের স্বচ্ছতার জন্য চাকরি খোঁজা। চার বন্ধু চাকরির জন্য আবেদনও করেছিলেন এক সাথে। লিখিত, মৌখিক ও শারিরীক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান তাঁরা ।

চার বন্ধু হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া, একই গ্রামের মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া, সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান  আলীর ছেলে মিনহাজ আলী, একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।

দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা, চলাফেরা ও স্বপ্ন দেখার পর একসঙ্গে বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজনরা বেশ খুশি।

জানা যায়, ওই চার বন্ধু আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর মাসে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সকল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর তাদেরকে জানানো পরীক্ষার ফলাফল পরবর্তীতে জানতে পারবেন। অবশেষে গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে চার বন্ধু চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তাটি পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে তারা প্রশিক্ষণের জন্য যোগদান করবেন।

জানা জায়, ওই চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজর ২০২৬ সালের এইচ এসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় পাশ করেছেন আকাশ মিয়া ও মিনহাজ আলী, অন্য দুই জন এক বিষয়ে ফেল করেছেন। দুইজন স্নাতকে ভর্তি না হয়ে ও অন্য দুই জন ফেল করা এক বিষয়ে পরীক্ষা না দিয়েই এক সাথেই আনসার বাহিনীতে যোগদান করবেন চারজন।

রায়পুর গ্রামের আকাশ মিয়া  বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু এক সাথে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্চলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা উত্তীর্ণ হই। গতকাল বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের ম্যাসেজ এসেছে। আগামী ১৪ তারিখ আমরা প্রশিক্ষণে যাব। আমরা সকলের দোয়া প্রার্থী।

বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই কৃষি কাজের সাথে জড়িত। খেলাপড়ার শুরু থেকে স্বপ্ন ছিল একটা চাকুরি করে পরিবারের পাশে দাঁড়াবো। আনসারে যোগদানের জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সাথে আগামী ১৪ তারিখে গাজীপুরে প্রশিক্ষণে যোগদান করব। পরে সুযোগ থাকলে লেখাপড়া করব। চার বন্ধুর এক সাথে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।