২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, ল্যাপটপ চুরি ও লুটপাটের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের (৭২) বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত ৩১ জুলাই জগন্নাথপুর থানার এসআই অনিক পাল আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুর নূরের দায়ের করা মামলায় এই অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২৪ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। উপজেলার মীরপুর বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুরের এ মামলায় এম এ মান্নানসহ সহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ১ নম্বর এজাহারনামীয় আসামি এবং ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ও উসকানিদাতা হিসেবে সাব্যস্ত করা হয়েছে।
আদালতে অভিযোগপত্র দাখিল করার বিষয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান বলেন, আমি এই মামলার বিষয়ে কিছুই জানি না। যে এলাকায় ঘটনাস্থল আমি সেই এলাকায় যাইনি ঘটনার আগ থেকেই। এছাড়া মামলার স্বাক্ষী বাজার কমিটির সাবেক সেক্রেটারি ফেসবুকে লাইভে বলেছেন তিনি কিছুই জানেন না। তারপরও পুলিশ নাকি সবকিছুর প্রমাণ পেয়েছে।’
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। আমি শারিরীকভাবে অসুস্থ্য চিকিৎসকের পরামর্শে জীবনযাপন করতে হচ্ছে।’
এটা জগন্নাথপুর কেন সুনামগঞ্জ জেলার কোন সুস্থ্য মানুষ বিশ্বাস করবে না। এটা রাজনৈতিক প্রতিহিংসা, এসব শুনলে মানুষ হাসবে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, তিনি নতুন (গতকাল শুক্রবার) যোগদান করেছেন। এই মামলা ও চার্জশীটের বিষয়ে তিনি অবগত নন। অভিযোগপত্রটি দেখে বিস্তারিত জানাতে পারবেন।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, ২০২৪ সালের গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী মীরপুর বাজারে বাজারে সংঘবদ্ধ হয়ে ক্রমাগত উসকানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই বছরের ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মীরপুর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে তাণ্ডব চালায়।
চার্জশিটে বলা হয়, ১৭ নভেম্বর রাতের এই হামলায় ১ নম্বর এজাহারনামীয় আসামি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশ ও প্ররোচণা ছিল। ‘অপরাধের রূপরেখা তৈরির’ দায়ে সাবেক এই মন্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে।
তদন্তে প্রাপ্ত প্রমাণের দাবি করে পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে, এম এ মান্নানের সবুজ সংকেত ও প্ররোচণাতেই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।
চার্জশিটের তথ্য অনুযায়ী, হামলার সময় বিএনপির কার্যালয়ের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। এর মধ্যে মামলার ৩৫ নম্বর এজাহারনামীয় আসামি মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল হোসেন ইফতি (২৪) বিএনপির কার্যালয় থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি করে নেন। এছাড়া ২৫ নম্বর আসামি নুর মোহাম্মদ জুয়েল অফিসকক্ষে থাকা ২০,০০০ টাকা মূল্যের একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি চুরি করেন।
হামলার সময় ১১ নম্বর আসামি আব্দুস সালাম রিজভি পেট্রোলিয়াম বা দাহ্য পদার্থ ব্যবহার করে অফিসে আগুন ধরিয়ে দেন এবং অন্যান্য আসামিরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ দলীয় প্রতীক ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।
চার্জশিটভুক্ত মোট ৯৯ জন আসামির মধ্যে এক নম্বর এজাহারনামীয় আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মোট ৪৯ জন আসামি আদালত থেকে জামিন লাভ করেছেন। সরাসরি হিংসাত্মক হামলায় অভিযুক্ত ২ নম্বর এজাহারনামীয় আসামি রেজাউল করিম রিজু এবং ৭ নম্বর আসামি আব্দুস সহীদ মেম্বার বর্তমানে কারাগারে আটক রয়েছেন। ল্যাপটপ ও টিভি চুরির সাথে জড়িত জামিল হোসেন ইফতিসহ মোট ৪৮ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।