১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পি.এম

সুনামগঞ্জে ১৫০ বছরের পুরোনো রাধা মদনমোহনের মূর্তিসহ স্বর্ণালংকার চুরি

সুনামগঞ্জে ১৫০ বছরের পুরোনো রাধা  মদনমোহনের মূর্তিসহ স্বর্ণালংকার চুরি

 

সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তিসহ স্বর্ণালংকার, রুপার বাঁশি ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাধনপাড়ার সরকারি মহিলা কলেজ রোডের ৪১ নম্বর বাসার মন্দিরের দরজার তালা ভেঙে এই দুধর্ষ চুরির ঘটনা ঘটে। বাড়িটি মৃত বিনোদ লাল চক্রবর্তীর ছেলে রাজ গোবিন্দ চক্রবর্তীর। খবর পেয়ে আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানার পুলিশ।

রাজগোবিন্দ চক্রবর্তী জানান, চুরি হওয়া দুইটি মূর্তির মধ্যে ২০ কেজি ওজনের ২ ফুট দৈর্ঘ্যের মদনমোহন এবং ১৫ কেজি ওজনের ১ ফুট দৈর্ঘ্যের রাধার মূর্তি ছিল। এ ছাড়া ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গণেশের মূর্তি, মূর্তির গায়ে থাকা একটি স্বর্ণের চেইন, একটি রুপার বাঁশি, তিনটি স্বর্ণের চূড়া, পুরোনো কাঁসার বাসন, পূজার তৈজসপত্র ও বাসার কাছের স্টেশনারী দোকানের নগদ ১৫-২০ হাজার টাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

রাজগোবিন্দ চক্রবর্তী বলেন, আমার বাসার ভেতরের মন্দির থেকে পারিবারিক মুর্তি চুরি হওয়ায় আমি খুবই মর্মাহত।  রাত ৩ টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, চুরির ঘটনাটি এর পরে ঘটেছে। মুর্তিগুলো পিতলের না স্বর্নের ছিল তা আমরা জানি না। এই মুর্তিগুলো ও স্বর্ণালংকারসহ সবকিছুই আমার দাদার আমলের কয়েকশত বছরের আগের। আমাদের ধারণা জানাশুনা কেউ এই চুরির সাথে জড়িত। আমার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আমি চাই আমার বিগ্রহ(মূর্তি) গুলো উদ্ধার করা হোক।

রাজগোবিন্দ চক্রবর্তীর ছেলে কল্লোলে চক্রবর্তী হিমু বলেন, আমাদের ঠাকুরঘর থেকে ১৫০ থেকে ২০০ বছরের পুরোনো আমাদের রাধা-মদনমোহনের মুর্তি চুরির পাশাপাশি আমাদের পুজোর সামগ্রীসহ দোকানে চুরি হয়েছে।  আমরা চাই আমাদের মূর্তিগুলো উদ্ধার করা হোক।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পেশাদার চোর নয়। পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই ব্যক্তি বাড়িতে কী কী মূল্যবান সামগ্রী রয়েছে, সে সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মূর্তিগুলো চাইলেই যেখানে-সেখানে বিক্রি করা সম্ভব নয়। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।