সুনামগঞ্জের বৃহৎ বালু মহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহাল থেকে সাড়ে ৬ মাসের জন্য একটি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের সুযোগ দেওয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
যাদুকাটা নদীর দুটি বালু মহাল গত বছর পৃথকভাবে দুইটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিতে শুধু একটি প্রতিষ্ঠানকে দুইটি মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছিল।
গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।
পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
২৯ সেপ্টেম্বর আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট পিটিশনটি দায়ের করেছেন, গেল বছরে যাদুকাটা-২ বালু মহালের ইজারা পাওয়া প্রতিষ্ঠান জিনান এন্টারপ্রাইজ এর প্রো. শাহ রুবেল আহমেদ। তিনি সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা।
রিটের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করার বিষয়টি জেলা প্রশাসনকে টেলিফোনে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
হাইকোর্টে দায়ের করা রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এবং মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াসহ নয় জনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে গত ২২ সেপ্টেম্বর যাদুকাটা বালু মহাল থেকে বালু উত্তোলনের সুযোগ দেওয়ার জারি করা ভূমি মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। আবেদনকারীকে বাদ দিয়ে অপর একটি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বাংলা ১৪৩৩ সালের অবশিষ্ট সময়ের জন্য বালু উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। শুনানি শেষে আদালত ভূমি মন্ত্রণালয়ের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে রিটে উত্থাপিত বিষয়গুলোতে সংশ্লিষ্টদের জবাব দিতে রুল জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর দুটি বালু মহাল গত বছর পৃথকভাবে দুইটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিতে একটি প্রতিষ্ঠাকে দুইটি মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছিল।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল (৩০ চৈত্র) পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির মিয়া।
ভূমি মন্ত্রণালয় থেকে যাদুকাটা নদীর বালু মহাল থেকে বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল। ২২ সেপ্টেম্বর তারিখে ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।
ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো বালু উত্তোলনের অনুমতি প্রদানের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত অর্থ বছরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত ৩ বছরের গড় বাজার মূল্যের উপর অতিরিক্ত ১২ ভাগ কর ধার্যপূর্বক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহল হতে ১ অক্টোবর ২০২৬ হতে ১৪ এপ্রিল ২০২৭ সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলো।
হাইকোর্টে রিট পিটিশন দায়েরকারী শাহ রুবেল আহমেদ বলেন, গেল বছর পৃথকভাবে আমরা দুইটি প্রতিষ্ঠান যাদুকাটা দুইটি বালু মহাল ইজারা নিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের, বালু মহালের দখল নিয়ে আইনী জটিলতাসহ নানা বাধার কারণে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে পুনরায় সকল নিয়ম মেনে বালু উত্তোলনের সুযোগ পাওয়ার জন্য আবেদন করলে একটি প্রতিষ্ঠানকেই দুইটি মহালের বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়। একই নদী মহালের দুইটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও একটি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে দুইটি মহালের বালু উত্তোলনের আদেশ পক্ষপাতিত্বের উদাহরণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী এবং সংবিধানের ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তাই ন্যায় বিচার পাওয়ার জন্য আমি উচ্চ আদালেতের দ্বারস্থ হয়েছি। আদালত ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। আদালত আরও বলেছেন তাহিয়া স্টোন ক্রাশারকে এককভাবে সুবিধা দেওয়া আইন বহির্ভুত। আদালতের স্থগিতাদেশের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। স্থগিতাদেশের কপি জেলা প্রশাসকের ইমেইলে পাঠানো হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহাল থেকে সাড়ে ৬ মাসের জন্য একটি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের সুযোগ দিতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল। আজ মঙ্গলবার যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার টেলিফোনে জানিয়েছেন, তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছেন, রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন। আদালতের স্থগিতাদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।