২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পি.এম

জামালগঞ্জে অবৈধভাবে স্টোন ক্রাশার পরিচালনায় চার জনকে জরিমানা

জামালগঞ্জে অবৈধভাবে স্টোন ক্রাশার  পরিচালনায় চার জনকে জরিমানা

সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশের ছাড়পত্র ও ব্যবসায়িক লাইসেন্স ছাড়া আবাসিক এলাকায় পাথর ভাঙার মেশিন (স্টোন ক্রাশার) স্থাপন করার দায়ে চারটি স্টোন ক্রাশার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে এই জরিমানা করা হয়। জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন ।

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া অনুমোদহীন ব্যবসা, আবাসিক এলাকায় পরিবেশ ও শব্দ দূষণের দায়ে চারটি স্টোন ক্রাশারের মালিক লালপুর গ্রামের ক্রাশার মালিক মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুরের মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুরের মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। এসময় জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: আসআদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকা স্টোন ক্রাশার স্থাপন করা হয়েছে। এতে স্থানীয় জনগোষ্ঠী পরিবেশ দূষণ, বায়ু দূষণ ও শব্দ দূষণের শিকার হচ্ছেন। তাই টাস্কফোর্সের অভিযানের মাধ্যমে চারটি স্টোন ক্রাশারের মালিককে জরিমানা করা হয়েছে। '

তিনি আরও বলেন, স্টোন ক্রাশার পরিচালনা করতে হলে পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষা করে আইন মেনে পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।