সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে তালহা আহমেদ অভি (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আজ শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটক তালহা আহমেদ অভি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তালহা আহমেদ অভির বিরুদ্ধে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।
তাহিরপুর থানার উপ পরিদর্শক (এস আই) হাসনাত চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এলাকাবাসী তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।