১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পি.এম

মাত্র ছয় মাসের মধ্যেই দেশে সার নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, গ্যাস নাই- সুনামগঞ্জে জাপা মহাসচিব

মাত্র ছয় মাসের মধ্যেই দেশে সার নাই, বিদ্যুৎ নাই,  জ্বালানি নাই, গ্যাস নাই- সুনামগঞ্জে জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী  বলেছেন, ইউনুস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী মানুষ হলেও তার আমলে দেশে ইতিহাসের মধ্যে সর্বোচ্চ মব ছিল। তিনি শান্তি প্রতিষ্ঠা করেন নাই, তিনি জাতি গঠন করেন নাই। তার আমলে জাতিটি বিভাজিত করা হয়েছে। জাতীয় ঐতিহ্য ধ্বংস করা হয়েছে। দেশের অর্থনীতির ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে চলে গেছে। 
তিনি আরও বলেন, গণতন্ত্র উদ্ধারের স্বার্থে, গণতন্ত্র উত্তরণের স্বার্থে আমরা ভোটে গিয়েছিলাম। কিন্তু একটি ম্যাজিকুলার ডিজাইনের মাধ্যমে জাতীয় পার্টিকে সকল আসনে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরও আমরা সরকারকে স্বাগত জানিয়েছিলাম যাতে দেশে গণতন্ত্র ফিরে আসেন, শান্তি ফিরে আসে, জাতি হিসেবে আমরা রক্ষা পাই। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মনে আমরা দেখলাম, ছয় মাসের মধ্যেই দেশে সার নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, গ্যাস নাই। যদি গঙ্গা-পদ্মা চুক্তি স্বাক্ষর করতে না পারে, কিছুদিন পরে পানিও থাকবে না। যদি সার না থাকে কিছুদিন পরে খাদ্য থাকবে না। চাকরি নাই, আয়-রোজগার নাই। পুরো দেশ একটা খাদের কিনার  যাচ্ছে আস্তে আস্তে। বাংলাদেশ একটা ব্যর্থ রাস্ট্র্র হতে যাচ্ছে। বর্তমান সরকার ছয় মাসে কোনো সমস্যার সমাধান করতে পারে নাই।
জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, সংসদ জাতীয় পার্টিকে ছাড়া অকার্যকর হয়ে গেছে। সংসদে কোনো সংসদীয় চর্চা হয় না, কোনো সংসদীয় ভাষা প্রয়োগ হয় না। সংসদ আস্তে আস্তে অকার্যকর হয়ে যাচ্ছে। আইনশৃংখলা পরিস্থিতি খারাপ হচ্ছে, রংপুরের চারজন সংখ্যালঘু সম্প্রদায়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু  লোকজনের ওপর নির্যাতন বাড়ছে, সংখ্যালঘু কমিশন করার দাবি আমরা করেছিলাম। আইন-শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শিশু নির্যাতন বাড়ছে। আমরা বলতে চাই, এরশাদের মডেল ফলো করেন, দেশ বাঁচান। 
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. নাজমুল হুদা হিমেলের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভুঞা, আলমগীর সিকদার লোটন, আরিফুর রহমান খান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন প্রমুখ।