৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পি.এম

ভারতের কয়লা কোয়ারিতে মাটি চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ভারতের কয়লা কোয়ারিতে মাটি  চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে কয়লা কোয়ারির ভেতরে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকার কলারছড়া কয়লার গুহায় এই ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার ছমির আলীর ছেলে। পরে দুপুরে তার স্বজনরা ভারত থেকে তার মরদেহ নিয়ে আসে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার হতদরিদ্র শ্রমজীবী মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে কয়লা নিয়ে আসে। বিশেষ করে কিশোর ও যুবকদের সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গপথ দিয়ে ভারতের কয়লার গুহায় পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। আজ বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গপথে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে যায়। কয়লা সংগ্রহ শেষে বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন।

এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দুপুরে গিয়ে অনেক চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে গুহার ভেতর থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে নিহত যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।’

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন ,নিহত ইউনুস আলী তাহিরপুর সীমান্তের চারাগাঁও এলাকার বিপরীতে ভারতের ১০ কি:মি: অভ্যন্তরে কলারছড়ায় দীর্ঘদিন যাবৎ অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করছিল। আজ সকালে কয়লা কোয়ারীতে কাজ করার সময় মাটি চাঁপায় তার মৃত্যু হয়। সাথে থাকা লোকজন তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।