সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটের ভেতরে ইঞ্জিনের উপরে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সৌম্যতা সরকার নিঝুম (৮)। আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’ এর ভেতরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌম্যতা সরকার নিঝুম জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের পুলিশ কর্মকর্তা (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। স্বপন চন্দ্র সরকার সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। তার স্ত্রী ও দুই মেয়ে সুনামগঞ্জে বসবাস করেন। নিহত সৌম্যতা সরকার নিঝুম সুনামগঞ্জ শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বড় এক বোন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’টি নতুন নির্মাণ করেছেন তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের পঙ্কজ রায়। নতুন চালু করা হাউসেবোটের উদ্বোধনী ভ্রমণ উপলক্ষে আজ শুক্রবার সকালে ‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’-এ করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়েছিলেন এসআই স্বপন চন্দ্র সরকার ও পঙ্কজ রায়ের পরিবারের লোকজন। এস আই স্বপন চন্দ্র সরকার হাউজবোট মালিক পঙ্কজ রায়ের আত্মীয়। হাওরে ভ্রমণ শেষে বিকেলে শহীদ সিরাজ লেকের দিকে যাওয়ার সময় হটাৎ করে নিঝুম হাউসবোটের পেছন থেকে সামনে আসার সময় পা পিছলে বোটের ভেতরে কাঠের ফাঁক দিয়ে ইঞ্জিনে (গিয়ার বক্স) উপরে পরে যায়। ইঞ্জিনের আঘাতে শরীর ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‘ভ্রমণশৈলী প্রিমিয়াম হাউসবোট’ মালিক পঙ্কজ রায় জানান, হাউসবোট নির্মাণের পর এটি ছিল উদ্বোধনী ভ্রমণ। পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে হাওরে ভ্রমণে গিয়েছিলেন। হটাৎ করে এই দুর্ঘটনা ঘটে গেছে। ’
নিহত সৌম্যতা সরকার নিঝুমের বাবা এস আই স্বপন চন্দ্র সরকার বলেন, আমি সিলেটে কর্মরত আছি। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আজ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়েছিলাম। কিন্তু এখন মেয়ের লাশ নিয়ে বাড়ি ফিরছি। ’
তাহিরপুর থানার এস আই পঙ্কজ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী ভ্রমণশৈলী হাউসবোটের ভেতরে ইঞ্জিনে পরে গিয়ে হাওরেই নিঝুম সরকারের মৃত্যু হয়েছে। হাউসবোট মালিক ও নিহত নিঝুমের পরিবার একে অপরের আত্মীয়। কোন অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে নিহত নিঝুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ ভ্রমণের সময় শিশুদের নিরাপদ রাখা ও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।