শিশু রামিসা ও ফাহিমা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিরাই থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর সিনিয়র সহ-সভাপতি ড.সমিধ বরণ দাস রতনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মারুফ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আতাহার আলী রাহাত, সাংবাদিক আব্দুল্লাহ রাজী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ, সদস্য মামুন মিয়া, আফাজ উদ্দিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা ও ফাহিমার মতো নিষ্পাপ শিশুদের নির্মম হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।