১৮ মে ২০২৬, ০৩:৪৫ পি.এম

যাদুকাটায় ড্রেজার পরিচালনায়  উচ্চ আদালতের অনুমতি !

যাদুকাটায় ড্রেজার পরিচালনায়  উচ্চ আদালতের অনুমতি !

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও ২ বালুমহালের নির্ধারিত সীমানার ভেতরে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার জন্য উচ্চ আদালতের অনুমতি পেয়েছেন বালু মহালের ইজারাদার শাহ রুবেল আহমেদ এবং মো. নাসির মিয়া। 
গত বুধবার সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর দেয়া এক আবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন তারা। 
আবেদনের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল বলেছেন, আদালতের আদেশের এ ধরনের কপি ও চিঠি জেলা প্রশাসক কার্যালয়ে এসেছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালের ১৩ই নভেম্বর থেকে ২০২৬ সালের ১২ই এপ্রিল পর্যন্ত যাদুকাটা-২ বালুমহালে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার অনুমতি ছিল। অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর সময় বৃদ্ধির আবেদন করা হলে আপিল বিভাগের আদেশক্রমে পুনরায় অনুমতি পান যাদুকাটা বালু মহালের দুই ইজারাদার শাহ রুবেল আহমেদ ও  মো. নাসির মিয়া।
এবিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন-রেকর্ডের সনদ ও আপিল বিভাগের রেজিস্ট্রারের অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। 
যাদুকাটা বালু মহালের ইজারাদার শাহ রুবেল আহমেদ ও মো. নাসির মিয়া বলেন, পাহাড়ি ঢল, নদীতে অতিরিক্ত পানিবৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে বর্তমানে শ্রমিকদের মাধ্যমে সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে বালু উত্তোলন ও বিক্রি উল্লেযোগ্যভাবে কমে গেছে এবং সরকারি উন্নয়নমূলক কাজেও বালুর সংকট দেখা দিয়েছে। তাই নদী থেকে বালু উত্তোলন করতে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনার সময় এসেছে। 
তারা আরও বলেন, যাদুকাটা নদীর নাব্যতা রক্ষা, বিআইডব্লিউটিএ’র হাইড্রোগ্রাফিক প্রতিবেদন এবং আদালতের নির্দেশনা অনুসরণ করে পরিবেশের ক্ষতি না করে ড্রেজার ও সেইভ মেশিন পরিচালনা করা হবে। 
দুই ইজারাদার জানান, আবেদনের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পুলিশ সুপার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিজিবি, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।