বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি না হওয়ায় ও উজানের পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি না হলেও আবহাওয়ার পূ্র্বাভাস অনুযায়ী শনিবার ভোর সকাল থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে নদী ও হাওরের পানি অন্যদিকে আবারও চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
পাশাপাশি বৃষ্টির মধ্যেই অধিকাংশ হাওরের ধান কেটে ঘরে তুলার প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা।
শনির হাওরে কৃষক রফিক মিয়া বলেন, এই বছর ধান ঘরে তুলতে পারব কি না জানিনা। দুই দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও আবারও সেই বৃষ্টি শুরু।
মাটিয়ান হাওরের কৃষক আজাদ মিয়া বলেন, ভোর সকাল থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে, নদীর পানি বাড়ছে তাই বজ্রপাত প্রাণহানি হতে পারে যেনেও ধান কেটে ঘরে তুলার প্রাণপণ চেষ্টা করছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকালে সুরমা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.৪৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার জানান , আবহাওয়ার পূ্র্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকে আগামী কয়েক দিন সুনামগঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশংকা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান দ্রুত কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জে ৫৯ % ধান কর্তন করে ঘরে তুলেছেন কৃষকরা।
এদিকে, ভারি বৃষ্টিপাতে এই জেলায় অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২০ হাজার হেক্টরের উপর ধান তলিয়ে গেছে।