সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে ডুবে এক হাউজবোট মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত কাঠমিশ্রির নাম রাকিব হোসেন (২৬), তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা।
আজ বুধবার বিকেলে রক্তি নদীর আনোয়ারপুর বাজার সংলগ্ন এই ঘটনা ঘটে। হাউজবোট তৈরি করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার এক ঘণ্টা পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীতে একটি হাউজবোট নির্মাণ কাজ চলছিল। এসময় হটাৎ করে অসাবধানতা বশত রাকিব হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। হাউস বোটে থাকা লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাউজবোটে কাজ করার সময় রক্তি নদীতে পড়ে গিয়ে এক কাঠমিশ্রির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।