২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পি.এম

শালদীঘা হাওরে স্থায়ী সুইস গেইট নির্মাণের দাবি

শালদীঘা হাওরে স্থায়ী সুইস গেইট নির্মাণের দাবি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে শালদীঘা হাওরের গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

রোববার (২৬ এপ্রিল) গলইখালি গ্রামের বাসিন্দা অসীম সরকার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ দাবিতে একটি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, শালদীঘা হাওরে প্রতি বছর বিপুল পরিমাণ বোরো ধানের আবাদ হয়। এ হাওরের ফসলের ওপর নির্ভরশীল হাজারো কৃষকের জীবিকা। কিন্তু প্রতিবছর অপরিকল্পিত ও দুর্বল ফসল রক্ষা বাঁধের কারণে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষার শুরুতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টির পানিতে হাওরের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। চলতি মৌসুমেও আগাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যমান ফসল রক্ষা বাঁধ সাময়িকভাবে পানি আটকাতে পারলেও দীর্ঘমেয়াদে পানি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে আধুনিক ও স্থায়ী সুইস গেইট নির্মাণ এখন সময়ের দাবি। সুইস গেইট নির্মাণ করা হলে পানির স্তর নিয়ন্ত্রণ সহজ হবে এবং অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে হাওরের বোরো ফসল রক্ষা করা সম্ভব হবে।

আবেদনকারী অসীম সরকার জানান, চলতি বছর জলাবদ্ধতার কারণে তার ১২ কিয়ার জমির বোরো ধান তলিয়ে গেছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার অনেক কৃষক।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা শালদীঘা হাওর রক্ষা এবং কৃষকদের স্বার্থে দ্রুত গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।