সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গোসল করতে নেমে আবু সাঈদ (১২) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় যাদুকাটা নদীর লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের উত্তরে শাহিদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ আবু সাঈদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের রবি মিয়ার ছেলে ও শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বিকেলে শাহ আরেফিন শাহিদাবাদ এতিমখানা মাদ্রাসা থেকে সমবয়সী ৪/৫ জন ছাত্র একসাথে গোসল করতে মাদ্রাসার পেছনে যাদুকাটা নদীতে যায়। পরে সবাই নদীর পশ্চিম পাড়ের বারিক্কার টিলা সংলগ্ন বাঘের মুখ নামক নালায় গিয়ে গোসল করতে নামে। সাথে থাকা অন্য ছাত্ররা সাঁতরিয়ে টিলার পাড়ে উঠতে পারলেও আবু সাঈদ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে সাথে থাকা ছাত্ররা মাদ্রাসা ও আবু সাঈদের বাড়িতে তার নিখোঁজ হওয়ার সংবাদ জানায়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী বিকেল থেকেই যাদুকাটা নদীতে নিখোঁজ আবু সাঈদকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত আবু সাঈদকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
নিখোঁজ আবু সাঈদের চাচা শহীদ মিয়া জানান, অন্য ছাত্রদের সাথে নদীতে গোসল করতে নেমেছিল সাঈদ। অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও সে পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, শাহিদাবাদ গ্রামের কাছে নদীতে গোসল করতে নেমে এক ছাত্র নিখোঁজ হয়েছে। খোঁজাখুঁজি চলছে কিন্তু এখন পাওয়া যায়নি।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।