সুনামগঞ্জ শহরের বনানীপাড়ার এক লন্ডন প্রবাসীর বাসা থেকে অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রা (ডলার)সহ টাকা চুরির ঘটনায় এক নারী ও এক স্বর্ণ ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের পূর্ব তেঘরিয়ার জাহের আলীর ছেলে জাবেদ হোসেন (৩৪), উত্তর আরপিন নগরের (পশ্চিম বাজার) কবির আহমদের ছেলে মো. ময়না মিয়া (৩২), ময়না মিয়ার স্ত্রী লিজা বেগম (২৬), নতুন হাছন নগরের তাজ উল¬াহর ছেলে বাচ্চু মিয়া (৪৮), রায়পাড়ার মৃত রাজেন্দ্র বণিকের ছেলে বিষ্ণু বণিক (৬৩)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেলে শহরের বনানী পাড়া এলাকায় লন্ডন প্রবাসী অজুদ মিয়া বাড়ি তালাবদ্ধ রেখে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাত ৮ টার সময় বাড়িতে ফিরে দেখতে পান প্রধান গেট অক্ষত থাকলে ঘরের দরজা ভাঙা ও সবকিছু তছনছ করা। চোরেরা প্রবাসীর বাড়ি থেকে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনার পরদিন লন্ডন প্রবাসী অজুদ মিয়ার স্ত্রীর বড় ভাই শহরের দক্ষিণ আরপিন নগরের বাসিন্দা শোয়েব চৌধুরী সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর পুলিশ গভীরভাবে তদন্তে নামে। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে পূর্ব তেঘরিয়ার জাহের আলীর ছেলে জাবেদ হোসেনকে পুলিশ আটক করে। পরে জাবেদের দেওয়ার তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী আসামি বিষ্ণু বণিক, ময়না মিয়া, ময়না মিয়ার স্ত্রী লিজা বেগম ও বাচ্চু মিয়াকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার এস আই জহির হোসেন বলেন, প্রবাসীর বাড়ি থেকে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ টাকা চুরি হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মূল আসামি জাবেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক, বাচ্চু মিয়া, ময়না মিয়া ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।