২১ এপ্রিল ২০২৬, ১১:০২ পি.এম

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, টিটিসির দুই কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, টিটিসির দুই কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সুনামগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই কর্মচারীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ এনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দেশ টিভির ক্যামেরা পারসন শাহরিয়ার করিম সায়েম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে টিটিসি’র কর্মচারী ফারাবি আহমেদ (৩৫) ৩০ লিটার পেট্রোল নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সাংবাদিক শাহরিয়ার করিম সায়েম তার কাছে এ বিষয়ে জানতে চান। ওই সময় ফারাবি প্রথমে তেলটি মোহনগঞ্জ পৌরসভার বলে দাবি করলেও পরবর্তীতে নিজের প্রয়োজনে নিচ্ছেন বলে স্বীকার করেন। জরুরি ব্যক্তিগত কারণ দেখিয়ে তখন তিনি বিষয়টি পরে বিস্তারিত বুঝিয়ে বলবেন বলে ঘটনাস্থল ত্যাগ করেন।


পরবর্তীতে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুনামগঞ্জের ওয়েজখালি এলাকার সফেদা পেট্রোল পাম্পের সামনে ওই সাংবাদিক পুনরায় ফারাবি আহমেদের মুখোমুখি হন। অভিযোগ করা হয়েছে যে, বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে ফারাবি ও একই প্রতিষ্ঠানের আরেক কর্মচারী শুভসহ আরও কয়েকজন অতর্কিতভাবে সাংবাদিক সায়েমের ওপর হামলা চালায়। এ সময় বৈদ্যুতিক তার দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহত সাংবাদিক সায়েমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ফারাবি আহমেদ। তিনি দাবি করেন,"আমি বা আমার সঙ্গী কেউ সাংবাদিক ভাইয়ের ওপর হামলা করিনি। আমাদের মধ্যে শুধু কথা হয়েছে, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে। মোহনগঞ্জে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি নিজের জন্য একটু একটু করে পেট্রোল জমিয়েছিলাম, যা নিয়ে যাওয়ার সময় তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেন এবং আমি তার জবাব দিয়েছি।"

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, টিটিসি কর্মচারীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও বলেন, "বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"