২০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পি.এম

তাহিরপুরে শুরু হলো শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তাহিরপুরে শুরু হলো শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ আলম শান্তনু।

দেশব্যাপী হাম সংক্রমণ প্রতিরোধে পরিচালিত বিশেষ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পেইন চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাশাদ আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৯২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে তিন সপ্তাহব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে বিদ্যালয়ভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৩২ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহাম্মেদ বলেন, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে যারা টিকা নিয়েছে, তারাও পুনরায় একটি ডোজ পাবে। সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হাম ও রুবেলার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ আলম শান্তনু বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সহজেই সুরক্ষা দেওয়া যায়। তাই সকল অভিভাবকদের নিজ নিজ সন্তানকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।