একটি ট্রাকের চাকার পাশে, রাস্তাতেই চাদর বিছিয়ে বানানো হয়েছে অস্থায়ী শোবার জায়গা। একজন সেখানে ঘুমিয়ে আছেন। পাশে জ্বালানো দুটি মশার কয়েল।
ঘুমন্ত মানুষটির মাথার নিচে বালিশের বদলে ব্যাগ রাখা। পাশেই দুই লিটারের একটি পানির বোতল। মাঝেমধ্যে মশার কামড়ে ওই ব্যক্তির ঘুম ভাঙছে। মাথা একটু এদিক-ওদিক নাড়িয়ে আবার চোখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
রাজধানীর ইসিবি চত্বর পেরিয়ে মিরপুরের কালশীর দিকে যাওয়া মাটিকাটা সড়কে সুমাত্রা ফিলিং স্টেশনের কাছে আজ রোববার সকাল ছয়টার দিকে দেখা যায় এই দৃশ্য।
সাতসকালেই এই ফিলিং স্টেশনের সামনে ছোট–বড় যানবাহন আর মোটরসাইকেলের দীর্ঘ লাইন। লাইনে রাতভর অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে অনেকেই তখন যে যাঁর মতো ঘুমাচ্ছেন। অনেকে আবার ঘুম ভেঙে খোঁজ নিচ্ছেন জ্বালানি তেল বিক্রি শুরু হবে কখন।