সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং সাকিব মুন খোকনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সাইদুল কিবরিয়া। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহরুখ আলম শান্তনুর স্বাক্ষরিত গত ১৫ এপ্রিলের এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সদস্য সচিব সাকিব মুন খোকন উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা এবং আলী মর্তুজার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সদস্য সচিব সাকিব মুন খোকন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। উপজেলার প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ তৈরি এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে আমরা কাজ করব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহরুখ আলম শান্তনু বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই। নতুন এ কমিটি উপজেলার ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে বলে আমরা আশাবাদী।