সুনামগঞ্জের ছাতকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাবেক এই এমপির উপস্থিতি দেখে হতভাগ হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাকরা। যা নিয়ে পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেই সংবর্ধনায় দীর্ঘ ২০ মাস পর প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে এসে বক্তব্য রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক।
নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসি পরীক্ষার্থী (ছদ্মনাম) তামিম আহমদ বলেন, যে আওয়ামী লীগ দেশের শিক্ষার্থীদের হত্যা করেছে, যারা দেশকে ধংস করছে আজকে আমাদের বিদ্যালয় কতৃপক্ষ নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেখেছেন। এটা দুঃখ। এটা শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি।
জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, এটা সাবেক এমপি মহিবুর রহমান মানিকের নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করা বিদ্যালয়। তিনি এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। পাশাপাশি এটি নন এমপিও বিদ্যালয় এবং সাবেক এই এমপির ব্যাক্তিগত ফান্ড থেকে সকল শিক্ষকদের বেতন হয়।
তিনি আরোও বলেন, ৩৭ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।