অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে ভারতের অভ্যন্তরে কয়লার কোয়ারিতে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে সুনামগঞ্জের তাহিরপুরের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মুজিুবর রহমান (৪০) তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাট সীমান্তের লালঘাট গ্রামের আলতু মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে সীমান্তের প্রায় ২৫ কিলোমিটার অভ্যন্তরে ভারতের লংমা এলাকায় এক কয়লা কোয়ারিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকার লালঘাট গ্রামের মুজিুবর রহমানসহ আরও বেশ কয়েক জন শ্রমিক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অভ্যন্ত কয়লা কোয়ারীতে কাজ করতে যান। সেখানে থেকে তারা কয়লা কোয়ারীতে কয়লা উত্তোলনের কাজ করছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে কোয়ারির ভেতরে কয়লা উত্তোলন করার সময় হটাত করে কোয়ারি ধসে মাটির নিচে চাপা পড়েন মুজিবুর রহমান। অনেক চেষ্টা করে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয। পরে সাথে থাকা অন্য শ্রমিকরা গোপনে তার মরদেহ দেশে নিয়ে আসলে বিষয়টির জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায় এবং পুলিশ তার লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্তত ২৫ কিলোমিটার অভ্যন্তরে কয়লা কোয়ারিতে কাজ করতে গিয়ে মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। মুজিবুরসহ আরও বেশ কয়েকজন শ্রমিক ৬ মাস আগে সীমান্ত পেরিয়ে ভারতের ওই এলাকা গিয়ে কাজ করছিল বলে জানা গেছে। আজ কোয়ারিতে মাটি চাপায় তার মৃত্যুর পর সাথে থাকা অন্যরা শ্রমিকরা গোপনে লাশ নিয়ে বাড়িতে আসে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।