ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে প্রায় ৭৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। ১৩ এপ্রিল সোমবার গভীর রাতে র্যাব-৯ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম ছরওয়ার মুশর্দ ওয়ালিম (৪৮), তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে। র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রতারণার শিকার সুনামগঞ্জ সদর মডেল থানার তেতইয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী শরীফ উদ্দিন (৫৩) অভিযোগের ভিত্তিতে ছরওয়ার মুশর্দ ওয়ালিমকে আটক করা হয়। অভিযুক্ত আবুল হোসেন ও ছরওয়ার মুশর্দ ওয়ালিম ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে প্রচার করে ৯ জনের কাছ থেকে প্রায় ৭৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আটক আসামির বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা রয়েছে। তাই তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অভিযুক্তরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠায় বলে জানায়। এরপর ভুক্তভোগী শরিফ উদ্দিনসহ আরও আটজন আলবেনিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করেন তারা। এরমধ্যে প্রথমে ৪ লাখ টাকা এবং বাকি টাকা বিদেশে যাওয়ার সময় পরিশোধের কথা বলা হয়। ২০২৪ সালের ৬ ও ৭ জুলাই ভুক্তভোগীসহ ৯ জন প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে অভিযুক্তদের মোট ৭২ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা পরিশোধ করা হয়।
এক পর্যায়ে অভিযুক্তরা শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়া পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের ঢাকায় ডেকে নেন। পরে অভিযুক্তরা ৯ জনের মধ্যে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে একটি বাসায় রেখে গোপনে দেশে ফিরে আসেন। পরে ওই ৭ জন কোনো উপায় না পেয়ে দেশে ফিরে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিশেষ অভিযান চালিয়ে মুশর্দ ওয়ালিমকে আটক করে।
র্যাব-৯ সিলেটে এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।