হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটির আয়োজনে মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে এই সমাবেশ করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা কমিটির সদস্য সচিব খসরুজ্জামান কবীর।
বক্তব্য রাখেন টগার হাওরের কৃষক অরুন তালুকদার, সেন্টু রায়, মোজাহিদ মিয়া, মোক্তার আহমদ, কাইল্যানী হাওরের কৃষক মো. বিল্লাল, হারিছ মিয়া, শালদিঘা হাওরের কৃষক সালাম মিয়া, মাইটাইন হাওরের কৃষক আব্দুল হেকিম, ছাত্তার মিয়া, বোয়ালা হাওরের কৃষক হেকিম আলী, মাইশাউড়ি হাওরের কৃষক সিতু দাস, বাইনছাপড়া হাওরের কৃষক আব্দুল কুদ্দুস, রবিন মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী। আরো বক্তব্য রাখেন সংগঠনের মধ্যনগর উপজেলা কমিটির উপদেষ্টা কবি লেখক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী, সুজিত কানু, সদস্য মেহেদী হাসান মুক্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে বৃষ্টির পানির জলাবদ্ধতায় হাওরে বহু কৃষকের ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে কৃষকরা নিজ উদ্যোগে পাম্প দিয়ে পানি নিস্কাশনের চেষ্টা করছেন, কিন্তু সরকারের কোন সহযোগিতা পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। ভরাট হওয়া নদী ও খাল খনন দ্রুত শুরু করতে হবে। হাওরে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও কাজের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।