৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পি.এম

হাওররক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

হাওররক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জামালগঞ্জে গণসমাবেশ করা হয়েছে। আজ শনিবার বিকেলে হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে উপজেলার সাচনা বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ।
সমাবেশে বক্তব্য রাখেন হালির হাওরের কৃষক চান্দ আলী, মফিজ আলী, আব্দুর রহিম, রজব আলী, ছাদির মিয়া, পাকনার হাওরের কৃষক গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, জেলা কমিটির সদস্য আরিফুল ইসলাম সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য সচিব শাহ আলম।
আরও বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছাদিকুর রহমান স্বাধীন, মুরছালিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কমটির আহ্বায়ক আলী নূর, সদর ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সহিুবর রহমান, বেহেলী ইউনিয়নের আহ্বায়ক আবু ইউসুফ নাইম, উত্তর ইউনিয়ন কমিটির সদস্য তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, পাকনার হাওর গজারিয়া খাল যথাযথ খনন, স্লুইচ গেইট সংস্কার করতে হবে, জামালগঞ্জ সকল হাওরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নিতে হবে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।
বক্তারা আরও বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে হাওরে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।