সুনামগঞ্জের দিরাইয়ে স্নান করতে গিয়ে নদীর পানিতে ডুবে এক মুদি দোকান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম জিতেশ রায় (৬৫)। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের চরনারচর গ্রামের মৃত যতীন্দ্র রায়ের ছেলে।
আজ শুক্রবার বিকেলে চরনারচর গ্রামের পাশের মরা সুরমা নদীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে চরনারচর বাজার ঘাটে পুরাতন সুরমা নদীতে গোসল করতে যান জিতেশ রায়। হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টায় নদী থেকে তার লাশ উদ্ধার। জিতেশ রায় চরনারচর বাজারের মুদি দোকান ব্যবসায়ী পান্ডব রায়ের বড় ভাই।
চরনারচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চরনারচর গ্রামের বাসিন্দা তাপস রায় বলেন,' জিতেশ রায় নদীতে স্নান করতে গিয়েছিলেন। এসম হটাৎ করে তিনি ঘাট থেকে নদীতে পড়ে যান। পরে খোঁজাখুঁজির পর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। '
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ' চরনারচর গ্রামের কাছে মরা সুরমা নদীতে ডুবে একজন বয়স্ক লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। '